দেশে ফিরে ফিলিস্তিন প্রসঙ্গে দৃঢ় বার্তা শহিদুল আলমের
- আপডেট সময় : ০৫:৫২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দেশে ফিরেছেন মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম। দেশে পৌঁছে তিনি সরকার ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফিলিস্তিনের মুক্তির জন্য বিশ্বব্যাপী সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান।
শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন,
“গাজা এখনো মুক্ত হয়নি, সেখানে এখনো হামলা চলছে। আমাদের দায়িত্ব এখানেই শেষ নয়। গাজাবাসীর যে কষ্ট, আমাদের অভিজ্ঞতা তার তুলনায় কিছুই না।”
শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রতি কৃতজ্ঞতা জানান।
ইসরাইলি বাহিনী সম্প্রতি ‘কনশানস’ নামের জাহাজে থাকা শহিদুল আলমসহ সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রুদের অপহরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো দ্রুত কূটনৈতিক তৎপরতা চালিয়ে তার মুক্তি নিশ্চিত করে। পরবর্তীতে তেল আবিব থেকে তুরস্ক হয়ে তিনি দেশে ফেরেন।
















