পঞ্চগড়ে ছাত্রদল নেতা আরিফুল ইসলামের উদ্যোগে ৭০ পরিবারে ঈদ উপহার বিতরণ
- আপডেট সময় : ০৬:৫৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ৪ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নে ৭০টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। চিলাহাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুল ইসলামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় অসহায় মানুষের মাঝে কিছুটা স্বস্তি এনে দেয়।
জানা যায়, ঈদকে ঘিরে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, যা দিয়ে একটি পরিবার সহজেই ঈদের দিনগুলো কাটাতে পারবে।
ঈদ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চিলাহাটি ইউনিয়ন আহ্বায়ক রওশন জামিল পাভেল। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের আহ্বায়ক বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম সুলতানুজ্জামান রাজাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
বিতরণকালে নেতারা বলেন, “সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা এ ধরনের কার্যক্রম হাতে নিয়েছি।” তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপকারভোগীরা এই উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।













