পঞ্চগড়ে ৫ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ১০:২৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় শিশুটি বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় শিশুটির বাবা দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
এজাহার অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে পৌরসভা এলাকায় বাড়ির সামনে খেলছিল শিশুটি। সে সময় প্রতিবেশী এক কিশোর খেলনা ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে পাশের একটি ক্ষেতের ভেতরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের পর আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নিচ্ছে।
অভিযোগ রয়েছে, ঘটনার পর থেকে আসামির পরিবার মামলাটি তুলতে ভুক্তভোগীর পরিবারকে চাপ দিচ্ছে এবং হুমকিও প্রদান করছে। শিশুটির বাবার ভাষ্য, “ঘটনার পর থেকেই আমাদের নানা ভয়ভীতি দেখানো হচ্ছে।”
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা জানান, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে এবং আসামিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।















