তারেক রহমানের জন্মদিনে মানবিক উদ্যোগ: গৃহহীন নারীর হাতে ঘর প্রদান
- আপডেট সময় : ০৯:৫৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক অসহায় গৃহহীন নারীর জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর করা হয়েছে। টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের উদ্যোগে তৈরি এই ঘরটি স্থানীয় মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে টেপ্রীগঞ্জ ইউনিয়নের কালিদহ পাড়ায় স্বামী পরিত্যক্ত ও দীর্ঘদিন ধরে গৃহহীন আমিনা বেগমের কাছে টিনশেড ঘরের চাবি তুলে দেওয়া হয়। ঘর নির্মাণের পুরো কাজেই ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা সহযোগিতা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-২ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন,
“অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জন্মদিনকে উৎসবে না পরিণত করে মানুষের উপকারে লাগাতে পারাটাই আমাদের কাছে বড় পাওয়া।”
তিনি জানান, এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ তোবারক হ্যাপি, উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু, সদস্য সচিব রোকনুজ্জামান সুমনসহ স্থানীয় বিএনপি ও যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
ঘরের পাশাপাশি আমিনা বেগমকে স্বনির্ভরতার সুযোগ বাড়াতে একটি ছাগলও দেওয়া হয়। স্থানীয়দের মতে, এটি কোনো রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়; বরং মানবিকতার দৃষ্টান্ত হিসেবে সমাজে একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করছে।
ঘর পেয়ে আবেগপ্রবণ আমিনা বেগম বলেন,
“নিজের মাথা গোঁজার মতো জায়গা হবে—কখনো ভাবিনি। যারা আমাকে সহায়তা করেছেন, আল্লাহ তাদের ভালো করুন।”
এই ব্যতিক্রমী উদ্যোগটি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং জন্মদিন উদযাপনের বিশেষ এক দৃষ্টান্ত হিসেবে জনমনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।













