তিতুমীর কলেজে ধর্মীয় অবমাননার অভিযোগ, আটক শিক্ষার্থী
- আপডেট সময় : ১১:১৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ক্যাম্পাস থেকে অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করে কলেজ কর্তৃপক্ষকে অবহিত করে অন্যান্য শিক্ষার্থীরা।
অভিযুক্তের নাম বিশ্বজিৎ চন্দ্র বর্মন, তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযোগ রয়েছে—‘ফারিহা আক্তার’ নামের একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইসলাম ধর্ম ও নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়। পরে সহপাঠীরা ওই আইডির সাথে বিশ্বজিৎ চন্দ্র বর্মনের সংশ্লিষ্টতা খুঁজে পেয়ে তাকে শনাক্ত করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। শিক্ষার্থীরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে কলেজ প্রশাসনের হাতে তুলে দেয়। পরিস্থিতি বিবেচনায় প্রশাসন তাকে পুলিশে হস্তান্তর করে। জানা গেছে, প্রশাসনিক কক্ষে আলোচনার সময় অভিযুক্ত শিক্ষার্থী তার ভুল স্বীকার করেছে।
একাধিক শিক্ষার্থী জানায়, এমন মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এবং সামাজিক সম্প্রীতির পরিপন্থী। তারা নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি করেন।















