দেবীগঞ্জে সামাজিক মাধ্যম ও এআই অপব্যবহার প্রতিরোধে গোলটেবিল বৈঠক
- আপডেট সময় : ০১:০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জ পাবলিক ক্লাব মাঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ঠেকানো এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড়-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এ আলোচনার আয়োজন করেন। তিনি বলেন, বর্তমান সময়ে তথ্য বিকৃতি, গুজব ছড়ানো, নৈতিকতা সংকট এবং সাইবার নিরাপত্তাহীনতার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির সুশৃঙ্খল ব্যবহার অত্যন্ত জরুরি।
বৈঠকে প্রযুক্তি বিশেষজ্ঞ, আইনজীবী, সমাজবিজ্ঞানী, সাংবাদিক, শিক্ষার্থী প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, সামাজিক মাধ্যম এবং এআই যুগোপযোগী যোগাযোগ ও জ্ঞানচর্চায় সহায়ক হলেও এর অপপ্রয়োগ সমাজে গুরুতর সমস্যার সৃষ্টি করছে। গুজব, বিদ্বেষমূলক বক্তব্য, ব্যক্তিগত তথ্য ফাঁসসহ নানা সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের দায়িত্বশীল আচরণ এবং সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন তারা।
আয়োজক ফরহাদ হোসেন আজাদ বলেন, সমাজে স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে সাধারণ মানুষ, সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিভ্রান্তিকর কনটেন্ট শনাক্ত করা, সত্য তথ্য প্রচার এবং ডিজিটাল নিরাপত্তা রক্ষায় গণমাধ্যমের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠকের শেষ দিকে অংশগ্রহণকারীরা প্রযুক্তির ইতিবাচক ও নিরাপদ ব্যবহারে জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।













