দেবীগঞ্জে ইউএনও লাঞ্ছনার ঘটনায় জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশনের কার্যক্রম সাময়িক বন্ধ
- আপডেট সময় : ১০:৫৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ চন্দ্র বসাকের সঙ্গে অসদাচরণের ঘটনার পর ভাউলাগঞ্জ এলাকার একটি ফিলিং স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে প্রশাসন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ এলাকায় নিয়মিত তদারকির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ চন্দ্র বসাক। অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও লাইসেন্স যাচাই করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কয়েকটি যানবাহনের বিরুদ্ধে জরিমানা করা হলে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জরিমানাকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে উঠলে ইউএনও লাঞ্ছিত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। ইউএনও’র নির্দেশনায় ভাউলাগঞ্জ এলাকার মেসার্স জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশনের তেল বিক্রি ও অন্যান্য কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক বলেন, ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা ও ইউএনওকে লাঞ্ছিত করার ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি দায়িত্ব পালনে বাধা বা সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।














